ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উৎসব ও বন্ধন পরিবহনসহ সব বাসে শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা ভাড়া আদায়ের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা। সাধারণ যাত্রীদের পূর্ণ ভাড়া ৬০ টাকা হলে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া ৩০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন সংগঠনটির নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্যসচিব তাহমিদ আনোয়ার।
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
বিবৃতিতে তাহমিদ আনোয়ার বলেন, ঢাকা নারায়ণগঞ্জ রুটে সাধারণ যাত্রীদের কাছ থেকে ৬০ টাকা ভাড়া নেওয়া হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ টাকা আদায় করা হচ্ছে। গণিতের সাধারণ নিয়ম অনুযায়ী ৬০ টাকার অর্ধেক ৩০ টাকা। অথচ পরিবহন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫ টাকা আদায় করছে, যা অযৌক্তিক ও অন্যায়। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনার প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। তাদের ওপর এ ধরনের অতিরিক্ত ভাড়ার চাপ তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
হাফ পাসের আইনি ও প্রশাসনিক সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নারায়ণগঞ্জ মেট্রোপলিটন এলাকার বাইরে হওয়ায় এখানে হাফ পাসের সরকারি প্রজ্ঞাপন নেই বলে পরিবহন মালিকরা বিভিন্ন সময় অজুহাত দেখান। কিন্তু শিক্ষার্থীদের হাফ পাস কোনো দয়া বা করুণা নয়, বরং দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে অর্জিত ন্যায্য অধিকার। শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। মেট্রোপলিটন এলাকার অজুহাতে শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়।
তিনি আরও বলেন, ঢাকা নারায়ণগঞ্জ রুটে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা চালু থাকলে তা মূল ভাড়ার অর্ধেক অর্থাৎ ৩০ টাকা হতে হবে।
বিবৃতিতে অবিলম্বে ৬০/৩৫ টাকার ভাড়ার ব্যবস্থা বাতিল করে উৎসব ও বন্ধন পরিবহনসহ এই রুটের সব বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৩০ টাকা ভাড়া কার্যকর করার দাবি জানানো হয়।
একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরিবহন মালিকদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাহমিদ আনোয়ার।

