খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, ‘স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে ইনশাআল্লাহ।’
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া শহীদ মিনারে খেলাফত মজলিসের মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নাশকতার অভিযোগ তুলে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এর আগে সকাল ১১টায় নগরীর ২ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সিরাজুল মামুন বলেন, ‘আমরা লক্ষ্য করছি, কিছুদিন যাবত পতিত আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশে নাশকতা করে অনেকগুলো মানুষকে হত্যা করেছে। দেশের বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ চব্বিশে যে সিদ্ধান্ত নিয়েছে, পুরো জাতি তাদেরকে উৎখাত করেছে, জনগণ তাদেরকে আর ফিরতে দিবে না, ইনশাআল্লাহ। তারা যে স্বপ্ন দেখতেছে সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।’
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের অভিযোগ তুলে সিরাজুল মামুন বলেন, ‘ভারতের মন্ত্রীরা যেসব কথাবার্তা বলছে এবং তাদের দালালরা যারা আছে, বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে এদেশের মানুষ তাদেরকে কুকুরের মতো প্রতিহত করবে, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘একজন নারায়ণগঞ্জের কোর্টে বলেছিল জয় বাংলা দমাইতে পারবে না। তোমরা রাস্তায় এসে দেখ, মানুষ কিভাবে তোমাদের প্রতিহত করে। বাংলাদেশে চব্বিশে যারা রক্ত দিয়েছে, তাদের রক্তের পথ মাড়িয়ে তোমাদের বাংলাদেশে আসতে হবে।’
সিরাজুল মামুন বলেন, ‘যারা চব্বিশে সংগ্রাম করেছিল, তারা এখনো জীবিত আছে। যারা মানুষকে হত্যা করেছিল, গুমের রাজনীতির সূচনা করেছিল, সেই ফ্যাসিবাদের স্থান বাংলাদেশে হবে না, ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে যেকোনো সংগ্রামের সূচনা হলে রক্ত দিয়ে হলেও ফ্যাসিবাদকে রুখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
মহানগর সহসাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদ, সাইফুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহসাধারণ সম্পাদক কামরুল হাসান পায়েল, মুফতি আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা সভাপতি মুফতি আবুল কাসেম, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, মহানগর প্রচার সম্পাদক মুফতি তৌফিক বিন হারিছ ও ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইনসহ অন্য নেতারা।

