নারায়ণগঞ্জে যুবদল নেতা মশিউর রহমান রনির বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী মশিউর রহমান রনির বিরুদ্ধে ফতুল্লা থানায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এর মাধ্যমে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী মতকে দমিয়ে রাখার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলা হয়, প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এমন মামলার আশ্রয় নেওয়া হলে তা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

