নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের ছাদ থেকে পড়ে জিহাদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে ফতুল্লার পিলকুনি এলাকার হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই এলাকার ইয়াকুব মোল্লার বাড়ির ভাড়াটিয়া এবং ইজিবাইক চালক জাহিদ মিয়ার ছেলে।
মসজিদের কেয়ারটেকার বনিআমিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি একাই লিফটের খোলা দরজা দিয়ে ষষ্ঠ তলায় উঠে যায়। পরে সেখান থেকে ছাদে গিয়ে নিচে পড়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি অজু করতে গিয়েছিলেন। মসজিদটির নিচতলায় নামাজের ব্যবস্থা রয়েছে, দ্বিতীয় ও তৃতীয় তলায় মাদ্রাসা এবং উপরের তলাগুলোতে হলরুম রয়েছে।
শিশুটির বাবা জাহিদ মিয়া বলেন, “আমার দুই সন্তান, জিহাদ বড় ছিল। বাড়ির পাশে মসজিদ হওয়ায় সে প্রায়ই সেখানে খেলতে যেত।”
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি একাই ছাদে উঠে পড়ে গিয়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়ায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

