স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ে বাড়িতে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার ১ মে বিকেল ৪টার দিকে উপজেলার লস্করদী সরকার বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানান, লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সঙ্গে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ডহর মারুয়াদী গ্রামের হাছেন আলীর ছেলে আল আমিনের বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ উপস্থিত হওয়ার পর খাবার সংকট দেখা দেয়।
কনেপক্ষের অভিযোগ, বরপক্ষ অতিরিক্ত লোকজন নিয়ে আসায় এ সংকট তৈরি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে অন্তত ১৫ জনকে আহত করা হয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, বরপক্ষের মকবুল হোসেন নামে একজন থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

