নারায়ণগঞ্জে সাধারণ মানুষের জরুরি চিকিৎসা সেবা সহজ করতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করতে যাচ্ছে টিম খোরশেদ।
“সবার আগে বাংলাদেশ, হৃদয়ে নারায়ণগঞ্জ” স্লোগানকে সামনে রেখে পরীক্ষামূলকভাবে এ সেবা শুরু করা হয়েছে।
প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ শহরের ১১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড পর্যন্ত বাসিন্দারা এই সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের বাসা থেকে খানপুর হাসপাতাল, ভিক্টোরিয়া হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে নেওয়া যাবে। এছাড়া বাসা বা হাসপাতাল থেকে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা-নেওয়ার সুবিধাও থাকবে।
শুধু রোগী পরিবহনই নয়, মৃত ব্যক্তির মরদেহ বাসা থেকে কবরস্থান বা শ্মশান পর্যন্ত বিনামূল্যে বহনের সুবিধাও রাখা হয়েছে।
সেবা নিতে যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরগুলোতে: ০১৭০৬৮৩৩০৯৪ এবং ০১৩৫৭০৭৭৮১২।
সংশ্লিষ্টরা জানান, আপাতত পরীক্ষামূলকভাবে এই সেবা শহরের মধ্যে সীমাবদ্ধ রাখা হলেও জনগণের সাড়া ও উপকারিতা বিবেচনায় পর্যায়ক্রমে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় আলাদা অ্যাম্বুলেন্স সেবা চালুর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এই সেবা ঢাকা পর্যন্ত সম্প্রসারণেরও উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।
খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেবাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। তবে এরই মধ্যে নগরবাসী পরীক্ষামূলকভাবে এই বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা ব্যবহার করতে পারবেন।

