পঞ্চবটি–মুক্তারপুর সড়কের বেহাল অবস্থা নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখা। সড়কটির দীর্ঘদিনের দুরবস্থার কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে দাবি সংগঠনটির নেতৃবৃন্দের।
বৃহস্পতিবার ৭ মে এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা আবির হাওলাদার ও সাধারণ সম্পাদক আব্দুল মুমিন এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পঞ্চবটি–মুক্তারপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, ধীরগতির কাজ ও সংশ্লিষ্ট ঠিকাদারদের অব্যবস্থাপনার কারণে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভাঙাচোরা রাস্তা, কাদামাটি ও চলাচলের অনুপযোগী পরিবেশের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ আহত হচ্ছেন।
তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ জীবিকা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনদুর্ভোগ সীমাহীন আকার ধারণ করেছে। বিশেষ করে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং রোগীবাহী যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে সড়কটির জরুরি সংস্কার কাজ শুরু, চলমান নির্মাণকাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন এবং জনদুর্ভোগ কমাতে বিকল্প চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
অন্যথায় জনস্বার্থে শান্তিপূর্ণ কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিবৃতিতে বার্তা প্রেরক হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এনায়েতনগর ইউনিয়ন শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সিয়াম হোসেন।

