প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রপ্তানিমুখী ২৬ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানের নামে ভুয়া ব্যাংক হিসাব খুলে ব্যাংক কর্মকর্তারাই অবৈধ লেনদেন পরিচালনা করেছেন।
শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডয়েস ল্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান, মেহরাব ফ্যাশন লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মেহরাব বিন হাসিব, জননী ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম পোদ্দারসহ ২৬ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ব্যবসায়ীদের অভিযোগ, তাদের প্রতিষ্ঠানের নামে ভুয়া একাউন্ট খুলে প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তারা লেনদেন করেছেন। এ ঘটনায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের কিছু কর্মকর্তাও জড়িত ছিলেন বলে দাবি করেন তারা।
এ সময় তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক হিসাব এবং সংশ্লিষ্ট সব লেনদেনের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানান।
সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এক তদন্তের বরাতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা থেকে ভুয়া রপ্তানি আদেশের বিপরীতে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে ১০ হাজার কোটি টাকার বেশি অর্থ পাচার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রপ্তানিমুখী ২৬টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধিরা দাবি করেন, এসব লেনদেনের বিষয়ে তারা পূর্বে অবগত ছিলেন না। তারা বলেন, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা নিজেদের দুর্নীতি আড়াল করতেই পরিকল্পিতভাবে তাদের প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছেন।
লিখিত বক্তব্যে আরিফুর রহমান বলেন, “প্রিমিয়ার ব্যাংকের পরিচালকসহ কতিপয় দায়িত্বশীল কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে আমাদের ২৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও ভিত্তিহীন। নিজেদের দুর্নীতি আড়াল করতে পরিকল্পিতভাবে আমাদের প্রতিষ্ঠানগুলোকে হয়রানি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অক্টোবর-নভেম্বর মাসে তারা প্রথম এসব লেনদেনের বিষয়ে জানতে পারেন।
সূত্র: প্রেস নারায়ণগঞ্জ

