নিঃশর্ত হাফ পাসসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় ছাত্রশক্তি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
শনিবার (১৭ মে) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ কলেজ গেটে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করা।
২. কলেজের আশেপাশের হকার সমস্যা দূর করে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।
৩. ক্যাম্পাসের সামনে ট্রাফিক পুলিশ বা যানজট নিরসনকর্মী নিয়োগ দেওয়া।
৪. কলেজের পাশের বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা আক্তার বলেন, শিক্ষার্থীদের জন্য নিঃশর্ত হাফ পাস কোনো অযৌক্তিক দাবি নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। পাশাপাশি কলেজের আশেপাশের অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
সংগঠনটির সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানের পরও যদি শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার না পায়, তা অত্যন্ত দুঃখজনক। আগামী ৫ কার্যদিবসের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।”
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ কলেজ শাখার সভাপতি আলিমুল সিফাত বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। বিষয়টি নিয়ে কালক্ষেপণ করা হলে ছাত্রসমাজ রাজপথে আরও শক্ত অবস্থান নেবে।
ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জুবায়ের মোল্লা বলেন, শিক্ষার্থীদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে আজ সবাই ঐক্যবদ্ধ হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ সময় জাতীয় ছাত্রশক্তির মহানগর যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া প্রচার সেল সম্পাদক রাফিন হাসানও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

