বাংলাদেশের শিক্ষা অঙ্গনের জন্য গর্বের এক অর্জন বয়ে এনেছেন তরুণ ইংরেজি ভাষা শিক্ষক জয় দাস। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন World School Summit-এর ৩৬তম আসরে তিনি “Best Educator of the Year” সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আগামী ৩০ মে ২০২৬ তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
জয় দাস “Learn with JOY”-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। দীর্ঘদিন ধরে ইংরেজি ভাষা শিক্ষা, আইইএলটিএস প্রস্তুতি এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে তিনি তরুণ সমাজের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।
World School Summit কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্বগুণ এবং উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ জয় দাসকে এ সম্মাননায় মনোনীত করা হয়েছে। একইসঙ্গে তাঁকে আন্তর্জাতিক শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় ও বৈশ্বিক শিক্ষা উন্নয়ন বিষয়ক আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিক পদকজয়ী নারী কুস্তিগীর সাক্ষী মালিক। এছাড়াও বিশ্বের ৩৫টিরও বেশি দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও শিক্ষা উদ্যোক্তারা এতে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জয় দাস বলেন, “এ সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের শিক্ষা খাত এবং আমার সকল শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রাপ্তি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের।”
শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একজন তরুণ শিক্ষাবিদের এমন স্বীকৃতি দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক উদ্যোগ গ্রহণে উৎসাহ জোগাবে।

