নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে একটি ব্যাপক র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।
শনিবার, ০৬ জুন ২০২৬ খ্রি. তারিখে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
র্যালিটি শিবু মার্কেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা পরিষদের পাশে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে সংলগ্ন এলাকায় নালা পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে পরিবেশ রক্ষায় একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

