আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। স্থানীয় পর্যায় থেকে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুনের নাম প্রার্থী হিসেবে কেন্দ্রে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত খেলাফত মজলিসের জেলা ও মহানগর নির্বাহী কমিটির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, নগরবাসীর অধিকার রক্ষা, সুষম উন্নয়ন এবং ইনসাফভিত্তিক নগর ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস এবারও দলীয়ভাবে নাসিক নির্বাচনে অংশ নেবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও গণসংযোগ বৃদ্ধির জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদসহ জেলা, মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে শিগগিরই নাসিক নির্বাচনে মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

