ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসতে পারেন ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান প্রধান। সম্প্রতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেফতারের পর স্থানীয় সরকার আইনের বিধান অনুযায়ী নতুন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি আলোচনায় এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের দায়িত্ব সচল রাখতে পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে দীর্ঘদিনের জনপ্রতিনিধি এবং ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান প্রধানের নাম আলোচনায় রয়েছে।
এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত দায়িত্ব প্রদান প্রয়োজন। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, জনপ্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে অভিজ্ঞতা থাকায় আতাউর রহমান প্রধান দায়িত্ব পেলে ইউনিয়ন পরিষদের চলমান কার্যক্রমে গতি আসতে পারে।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করে তিনি দায়িত্ব পাওয়ার বিষয়ে সক্রিয় রয়েছেন বলেও জানা গেছে।
তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ বা দায়িত্ব প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার বিভাগের বিধি-বিধান অনুসরণ করেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দারা আশা করছেন, দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নির্ধারণ হলে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ জনগণ কাঙ্ক্ষিত সেবা পেতে সুবিধা পাবেন।

