সামান্য বৃষ্টিতেই ডুবে এনায়েতনগরের চাঁদনী হাউজিং, পানিবন্দি ১৫০ পরিবার
স্থায়ী জলাবদ্ধতায় মানবেতর জীবন, দ্রুত হস্তক্ষেপ কামনা এলাকাবাসী
সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকা। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কৃত্রিম জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার অন্তত ১৫০টিরও বেশি পরিবার।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির পানি বাড়িঘরে ঢুকে পড়ায় নারী, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতিদিনের জোয়ার ও বৃষ্টির পানিতে এলাকা প্রায় স্থায়ীভাবে জলমগ্ন হয়ে থাকছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
এই দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং একটি নতুন উচ্চক্ষমতাসম্পন্ন সেচ পাম্প স্থাপনের দাবিতে গত ২৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজউদ্দিনের কাছে লিখিত আবেদন দিয়েছেন এলাকার বাসিন্দা ও এনসিপির আলিফ দেওয়ান।
আবেদন গ্রহণ করে ইউএনও আশ্বাস দিয়েছেন, উপজেলা পরিষদের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদ প্রয়োজনীয় বরাদ্দ পাবে এবং নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত করে কাজ শুরু করা হবে।
তবে প্রশাসনের এই আশ্বাসে পুরোপুরি সন্তুষ্ট নন এলাকাবাসী। তাদের মতে, নতুন অর্থবছরের বরাদ্দ ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার অপেক্ষায় থাকলে চলমান বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যাবে। প্রতিদিন বাড়িঘরে পানি জমে থাকায় এলাকায় ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত ও চর্মরোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে একই সমস্যার মুখোমুখি হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে বর্ষা এলেই তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এদিকে চাঁদনী হাউজিংবাসীর একমাত্র ভরসা হিসেবে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের দিকে তাকিয়ে আছেন এলাকাবাসী। তাদের দাবি, জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক এই তরুণ জনপ্রতিনিধির সরাসরি হস্তক্ষেপেই দ্রুত সমাধান সম্ভব। তারা জলাবদ্ধতা নিরসনে এমপির জরুরি উদ্যোগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

