নারায়ণগঞ্জ শহরের ফুটপাত, সড়ক ও অবৈধ সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহল, চাঁদাবাজ চক্র ও তাদের মদদদাতাদের কারণে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে আফজাল হোসেন পন্টি লেখেন, “বড় বড় নেতা, পুলিশ, সমাজকর্মী, সাংবাদিকসহ নগরবাসীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সগৌরবে চলছে তিন স্তরের দখল। ফুটপাত, রাস্তার ওপর হকার এবং তার পরের লাইনে অবৈধ সিএনজি স্ট্যান্ড।”
তিনি আরও লেখেন, বিষয়টি নিয়ে বহুবার কথা বললেও কোনো পরিবর্তন না আসায় হতাশ হয়েছেন। এ অবস্থায় তিনি আল্লাহর কাছে বিচার চেয়ে বলেন, যারা হকারদের কাছ থেকে চাঁদা আদায় করে, তাদের মদদ দেয় এবং সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।
পন্টির দাবি, ফুটপাত ও সড়ক দখলের কারণে প্রতিদিন বৃদ্ধ, শিশু, নারীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত অভিযান পরিচালনা করে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

