অভিযোগের ভিত্তিতে ডেকে বুঝিয়ে দেওয়ার দাবি, মারধরের ঘটনায় সংগঠনের সংশ্লিষ্টতা নেই বলে বক্তব্য
নারায়ণগঞ্জের মাসদাইরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন। এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না। সংগঠনটি সবসময় সামাজিক শান্তি, ন্যায়বিচার ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
সংগঠনের দাবি, সিজান নামের এক যুবক, যাকে স্থানীয়ভাবে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে অভিযোগ করা হয়, তাকে এর আগেও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিকবার স্থানীয়ভাবে ডেকে সতর্ক করা হয়েছিল। পাশাপাশি তাকে বুঝিয়ে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে ৪০ দিনের চিল্লায়ও পাঠানো হয়েছিল।
বুধবার একটি নতুন অভিযোগের ভিত্তিতে তাকে ডেকে এনে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছিল বলে জানানো হয়। এ সময় নামাজের সময় হলে উপস্থিত দায়িত্বশীল ব্যক্তিরা নামাজ আদায়ের জন্য চলে যান। পরে কিছু উত্তেজিত ব্যক্তি তাকে মারধর করেছে বলে সংগঠনটির কাছে তথ্য আসে।
বিবৃতিতে আরও বলা হয়, নামাজ শেষে সংগঠনের দায়িত্বশীলরা ফিরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই যুবককে সুস্থ অবস্থায় তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে তার সঙ্গে অন্য কোথাও কোনো ঘটনা ঘটে থাকলে সে বিষয়ে আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের কোনো সংশ্লিষ্টতা বা তথ্য নেই বলে দাবি করা হয়েছে।
আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠন তাদের বক্তব্যে পুনরায় উল্লেখ করে, তারা কখনো আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে নয়। বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পক্ষেই কাজ করে যাচ্ছে।
সংগঠনটির নেতারা বলেন, “সত্য প্রকাশ পাবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষেই আছি।”

