মুফতি কাউছার কাসেমীর স্পষ্ট বক্তব্য: “প্রশাসনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল”
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি কাউছার কাসেমীর একটি বক্তব্যের খণ্ডিত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন তিনি।
মুফতি কাউছার কাসেমী জানান, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব, দোকানপাটে ভাঙচুর, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং আতঙ্কজনক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছিলেন।
তিনি বলেন, বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে একটি শব্দ মুখ ফসকে উচ্চারিত হয়, যা তার প্রকৃত উদ্দেশ্য বা অবস্থানকে প্রকাশ করে না। তিনি বিষয়টিকে “স্লিপ অব দ্য টাং” হিসেবে উল্লেখ করে বলেন, এমন শব্দচয়ন কাম্য ছিল না এবং এ কারণে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
প্রশাসনের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করে মুফতি কাউছার কাসেমী বলেন, “বাংলাদেশের প্রশাসনের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল ও আস্থাশীল। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। যদি আমার বক্তব্যের কোনো অংশে প্রশাসন বা কারও মনে কষ্ট দিয়ে থাকে, তবে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে সামাজিক ঐক্যই সবচেয়ে কার্যকর শক্তি বলে তিনি মন্তব্য করেন।
সবশেষে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খণ্ডিত বা বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ বক্তব্য শুনে এবং সত্যতা যাচাই করে মতামত দেওয়া উচিত। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, প্রশাসনের প্রতি তাদের সম্মান, আস্থা ও সহযোগিতা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

