নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ এলাকা এবং ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগর ইউনিয়নের নির্দিষ্ট কিছু এলাকা নাসিকের আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ ও সংকোচন) বিধিমালা, ২০১৩ এর ধারা ৫ অনুযায়ী এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, কুতুবপুর ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা নাসিকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া ফতুল্লা ইউনিয়নের ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশ, কাশীপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ এলাকা এবং এনায়েতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্দিষ্ট অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত এলাকাগুলো নাসিকে অন্তর্ভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের কোনো পরামর্শ বা আপত্তি থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসক ও সীমানা নির্ধারণ কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। প্রাপ্ত আপত্তি ও মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় শুনানির আয়োজন করা হবে।
জেলা প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভৌগোলিক পরিধি এবং নাগরিক সেবার আওতা আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

