নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ সদস্যসহ বিভিন্ন মামলার মোট ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে ৩০ ও ৩১ জুলাই বন্দর থানার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তার এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটকের লক্ষ্যে একাধিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ৩০ জুলাই রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত অভিযানে প্রথম ধাপে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের এক সংগঠক, জেলা ছাত্রলীগের এক সদস্য, যুবলীগের এক সদস্য, আওয়ামী লীগের দুই কর্মীসহ আরও একজন রয়েছেন।
এছাড়া পৃথক অভিযানে মদনপুর, নয়ামাটি, ফরাজীকান্দা, মাহমুদনগর, রামনগর ও ধামগড় এলাকা থেকে বিভিন্ন মামলার আরও ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ১৩ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বন্দর থানা পুলিশ।

