নারায়ণগঞ্জ প্রতিনিধি: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থে মূল্য পুনর্বিবেচনার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী।
২১ সেপ্টেম্বর সোমবার বিকালে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার ফলে সাধারণ মানুষ—বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও শ্রমজীবী জনগোষ্ঠী চরম আর্থিক সংকটে পড়েছেন। তেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাবে বাস-ট্রাকসহ সার্বিক পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অনাকাঙ্ক্ষিতভাবে বেড়েছে। ফলে বাজারজুড়ে মুদ্রাস্ফীতি তৈরি হয়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
জনদুর্ভোগ নিরসনে স্মারকলিপিতে ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয় ১. জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের সামর্থ্যের মধ্যে মূল্য নির্ধারণ করা।
২. মূল্যবৃদ্ধির অজুহাতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৩. জ্বালানি তেলের মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী নীতিমালা প্রণয়ন করা।
৪. পরিবহন খাত ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেটিং এবং অতিরিক্ত মূল্য আদায় বন্ধে কঠোর মনিটরিং নিশ্চিত করা।
৫. জ্বালানি খাতে অপচয়, অনিয়ম ও দুর্নীতি রোধ করে জনগণের ওপর থেকে অতিরিক্ত আর্থিক চাপ কমানো।
স্মারকলিপি প্রদান শেষে বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ব্যানারে শহরের মিশনপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের চাষাড়াসহ প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনু উদ্দিন আহমাদ। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা ও সীমাহীন কষ্ট লাঘবে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনসহ স্থানীয় সহস্রাধিক নেতৃবৃন্দ।

