জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়িয়ে জনগণকে কষ্টের মধ্যে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। পরিবহন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে। এতে অভাব ও অনটনের মধ্যে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। জনগণকে এভাবে কষ্টের মধ্যে ফেলা যাবে না।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জের গাউছিয়া রয়েল মুন রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা আয়োজিত সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট দিন দিন তীব্র হচ্ছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ নাজেহাল। চলমান দুর্নীতি ও দুঃশাসন এ অস্থিরতার অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করা ছাড়া এসব সংকট থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব নয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বৈশ্বিক সংকট রয়েছে, এটি সত্য। তবে সংকট মোকাবিলা করাই সরকারের দায়িত্ব। সরকার যদি সংকটের পুরো চাপ সরাসরি জনগণের ওপর চাপিয়ে দেয়, তাহলে সরকারের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন ওঠে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মুফতি শিব্বির আহমাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, জেলা সহসভাপতি আলহাজ্ব ফারুক আহমাদ মুন্সী, মাওলানা হাবিবুর রহমান জিহাদী, নজরুল ইসলাম মাস্টার, জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী, মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু রায়হান সাইফিসহ দলের নেতাকর্মী ও আমন্ত্রিত সুধীবৃন্দ।

