বাড়ি থেকে বের হওয়ার পর বন্ধ মোবাইল, থানায় জিডি
পাওনা টাকা আনতে নরসিংদীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দেউলী চৌরাপাড়া এলাকার যুবক নুরুজ্জামান। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার পরিবারের সদস্যরা। জিডি নম্বর ১৫২৪।
নুরুজ্জামান বন্দর উপজেলার ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার শহিদুল্লা মিয়ার একমাত্র ছেলে। তিনি ‘সোহাগপুর টেক্সটাইল মিলে’ চাকরির পাশাপাশি জেনারেটরের ব্যবসা করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসার পাওনা টাকা আনতে নরসিংদীর এক ব্যক্তির কাছে যাওয়ার কথা বলে বুধবার দুপুরে বাড়ি থেকে বের হন নুরুজ্জামান। এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও গত দুই দিনে তার কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নুরুজ্জামানের সন্ধানে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নুরুজ্জামানের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৬০৯২৬৩৫৭৫

