নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হামিদ হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক সার্কেলের একটি দল সানারপাড় মেড়স্থ গোলাম মোস্তফা টি স্টোরের সামনে অভিযান চালায়। এ সময় ওই স্থান থেকে হাসু মিয়ার ছেলে মো. হামিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৪৪০ গ্রাম।
ডিএনসি জানায়, আটক হামিদের বাড়ি কক্সবাজারের টেকনাফ থানার বেঙ্গাপাড়া এলাকায়। তার বাবার নাম হাসু মিয়া এবং মায়ের নাম মৃত মাহমুদা বেগম।
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে হামিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে ডিএনসির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

