নারায়ণগঞ্জ শহরের আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত ট্রাক চলাচল, শব্দ দূষণ ও জনদুর্ভোগ বন্ধে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক, আইনজীবী ও সাংবাদিক মোস্তফা করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
মোস্তফা করিমের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ হাফিজ মোল্লা।
নোটিশে উল্লেখ করা হয়, শহরের থানা পুকুর পাড়, টানবাজারসহ আশপাশের আবাসিক এলাকায় দিনরাত ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল, মালামাল লোড আনলোড এবং অতিরিক্ত শব্দ দূষণের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এতে আরও বলা হয়, প্রশাসনের নির্ধারিত সময় অমান্য করে রাতভর ট্রাক চলাচল, আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম এবং শ্রমিকদের উচ্চ শব্দে চিৎকার চেঁচামেচির ফলে শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
নোটিশে ৭ দিনের মধ্যে রাত ৮টার পর ট্রাক চলাচল বন্ধ, আবাসিক এলাকা থেকে লোড আনলোড কার্যক্রম সরিয়ে নেওয়া, শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার লিখিত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে সতর্ক করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা, পরিবেশ আদালতে অভিযোগ, মোবাইল কোর্ট পরিচালনার আবেদন এবং ক্ষতিপূরণ দাবিসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে আবাসিক এলাকার পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

