নারায়ণগঞ্জে বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূর।
অভিযানে ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেডকে ১ লাখ টাকা এবং কাঠেরপুল এলাকার এসআর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আসাদুজ্জামান নূর জানান, বায়ুদূষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, পরিবেশ দূষণকারী যেকোনো কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ, র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।

