নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ মেগাওয়াটের ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পাওয়ার প্ল্যান্টের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে।
সাবস্টেশনটিতে প্রায় এক লাখ লিটার তেল মজুত থাকায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা তৈরি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া। তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ বিকট শব্দের পর ট্রান্সফরমারের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ব্যবস্থা নিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দ্রুত পদক্ষেপ নেওয়ায় প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার রক্ষা করা সম্ভব হয়েছে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি বা অতিরিক্ত তাপকে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: যুগান্তর

