নারায়ণগঞ্জ জেলার মাসদাইর এলাকা দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদক কার্যক্রমের জন্য পরিচিত হয়ে উঠছে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। এলাকায় মাদক ব্যবসা, সেবন এবং ছিনতাইয়ের ঘটনা দিন দিন বেড়ে চলায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী কিছু গডফাদারের ছত্রছায়ায় অপরাধচক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবের কারণে এসব অপরাধীরা অনেক সময় ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। ফলে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার মতো ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে। যে বাহিনীর ওপর সাধারণ মানুষ নিরাপত্তার জন্য নির্ভরশীল, তাদের ওপর এমন হামলা জনমনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
এ প্রেক্ষাপটে জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। তিনি জোর দিয়ে বলেন, কোনো অপরাধীর প্রতি প্রশ্রয় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তিনি আরও জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

