নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদা না পেয়ে ভাঙচুর ও কুপিয়ে তিনজনকে আহত করার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
শনিবার (২৩ মে) রাত ১টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সাব্বির ও তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ভাঙচুর চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মিজান, কুদরত ও জনি নামে তিনজনকে আহত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
পরে ফতুল্লা থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বির ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। অভিযানে সাব্বিরের বাসায় তল্লাশি করে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। এ সময় সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। অভিযুক্ত সাব্বির ও তার সহযোগীরা পালিয়ে গেলেও তার বাসা থেকে ইয়াবা ও হেরোইনসহ স্ত্রী অন্তরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য আরও দুইজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

