দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের নামাজ ও কোরবানি শেষে সামর্থ্যবানরা গরিব ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করছেন। তবে ঈদের দিন দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকাতেও দেখা গেছে ভিন্ন এক চিত্র। কোরবানির মাংস নিয়েই বসেছে অস্থায়ী মাংসের দোকান।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে চাষাড়া রেলষ্টেশন ও আশপাশের কয়েকটি জায়গা ঘুরে দেখা যায়, ফুটপাত ও সড়কের পাশে পলিথিন বিছিয়ে কিংবা ছোট টেবিল সাজিয়ে বিক্রি করা হচ্ছে গরু ও খাসির মাংস, ভুঁড়ি, মাথা, পা ও হাড়। বাজারমূল্যের তুলনায় কম দামে এসব মাংস কিনতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ক্রেতারা জানান, প্রতি বছর ঈদের দিন চাষাড়াসহ শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অস্থায়ী মাংসের বাজার বসে। মূলত বিভিন্ন বাসাবাড়ি থেকে সহায়তা হিসেবে পাওয়া কোরবানির মাংসের একটি অংশ অনেকে নগদ টাকার প্রয়োজন মেটাতে বিক্রি করে দেন। আবার কিছু মৌসুমি বিক্রেতা বিভিন্ন এলাকা থেকে মাংস সংগ্রহ করে এনে কম দামে বিক্রি করেন।
একাধিক ক্রেতা বলেন, বাজারে মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় এখানে কম দামে কিনতে পারছেন তারা। অন্যদিকে বিক্রেতাদের দাবি, ঈদের দিনে কিছু বাড়তি আয়ের আশায় তারা এই অস্থায়ী দোকান বসিয়েছেন।

