নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজনের মারধরের পর হাসপাতালে চিকিৎসাধীন ওই আসামির মৃত্যু হয়েছে। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
মারা যাওয়া আসামির নাম হিরু (২১)। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২২ মে বিকেলে ছয় বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পিটুনি দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে পুলিশ।
ধর্ষণের ঘটনার পরদিন শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলায় হিরুকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে দুই নম্বর আসামি করা হয়।
পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, হিরু হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। শাহবাগ থানার তত্ত্বাবধানে তার মরদেহের ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মারধরের কারণে আসামির মৃত্যু হওয়ায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিহত আসামির স্বজনেরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা নেওয়া হবে। সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত হবে।

