নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় রাতের বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রধারী ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চাষাড়ার আমলাপাড়া এসকে ব্যানার্জী রোডের মসজিদ মার্কেট সংলগ্ন মারুফ স্টোরের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তিনজনকে গ্রেফতার করা হলেও তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন মেহেদী (২২), পায়েল (২৩) ও সৌরভ (২৫)। তাদের মধ্যে মেহেদীর কাছ থেকে একটি সুইচ গিয়ার, পায়েলের কাছ থেকে একটি চাকু এবং সৌরভের কাছ থেকে আরও একটি চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
পুলিশের দাবি, চাষাড়া ও আশপাশের এলাকায় পথচারী, রিকশা, মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করত এই চক্র। ঘটনার দিনও তারা দেশীয় অস্ত্র নিয়ে দস্যুতা সংঘটনের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

