নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে মো. জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে মাদক থেকে দূরে রেখে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহিত করতে তার হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে মাদক উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মো. জাহিদ হাসান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ সময় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক ও সুন্দর জীবনে ফিরে আসার জন্য উৎসাহিত করেন ইউএনও। সংশোধনের বার্তা হিসেবে তার হাতে তুলে দেন একটি পবিত্র কুরআন শরীফ।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে সোনারগাঁয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

