ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী থেকে পাগলা অংশের ব্যবস্থাপনার দায়িত্ব ঢাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিবর্তে নারায়ণগঞ্জ সওজের অধীনে আনার উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২১ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার বার্ষিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি সংশ্লিষ্টদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।
সভায় জেলা প্রশাসক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কাজ সম্পন্ন করতে হবে। সরকারি অর্থ ও জনবল যেন যথাযথভাবে ব্যবহৃত হয়, সে বিষয়ে গুরুত্বারোপের পাশাপাশি নিয়মিত তদারকির নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখা হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসেবাকে আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ এবং সওজের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

