নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুরের পশ্চিম দেলপাড়া চানাচুর ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
নিহত জাহাঙ্গীর আলম জনি (৪৮) এবং অভিযুক্ত তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম জনিকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে তার গলা কেটে, হাতের রগ কেটে এবং এলোপাথাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার পর সকালে অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নি নিজেই এলাকাবাসীর কাছে হত্যার বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে ফতুল্লা থানার ওসি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় অভিযুক্ত ফারজানা আক্তার মুন্নিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পরকীয়াজনিত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে পুলিশ বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

