নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই খানপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণিতে পড়াশোনা করত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন।
সন্ধ্যায় তাদের মধ্যে দুইজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

