সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে বন্দরের সেলিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরের সেলিম হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
র্যাব জানায়, গত ১৫ আগস্ট রাজধানীর চকবাজার থানার নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সেলিম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
র্যাবের তথ্যমতে, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে সেলিমের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক চলাকালে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হলে ভুক্তভোগীর নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়। ওই অ্যাকাউন্ট ব্যবহার করে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব ১০ এর গোয়েন্দা দল সেলিমের অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর চকবাজারের নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার সেলিম হোসেনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

