কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতা ঠেকাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জলসিঁড়ি চত্বরসহ পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শামীম ভুঁইয়া।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন এবং পরে মিছিল করেন। এ সময় তারা নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ঝটিকা মিছিল প্রতিহত করার ঘোষণা দেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ হাসান শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা বলেন, সম্প্রতি ছাত্র হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তারা গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অবস্থান নিয়েছেন।
তাদের অভিযোগ, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হতে পারে। এসব কর্মকাণ্ড প্রতিহত করতে তারা পূর্বাচলের ৩০০ ফিট সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে ছিলেন।
বিএনপি নেতাকর্মীরা আরও জানান, রূপগঞ্জে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার কথাও জানান।

