একই গ্রামে দুই দিনের ব্যবধানে দ্বিতীয় হামলা, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এবার লক্ষ্যবস্তু জমি ব্যবসায়ী হাসান মিয়ার বাড়ি। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইলফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৪ এপ্রিল ভোরে উপজেলার মধুখালী গ্রামে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সে সময় হাসান মিয়া বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে থাকা তার মা খুরশিদা বেগম ও স্ত্রী তন্নী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের হাত পা বেঁধে ঘরের ভেতরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
এ বিষয়ে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুট হওয়া মালামাল উদ্ধারে এবং জড়িত ডাকাত চক্রকে গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল একই গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে আলমগীর হোসেনের বাড়িতেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

