নারায়ণগঞ্জ কলেজে গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ছাত্র সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা।
রোববার (১১ মে) সংগঠনটির আহ্বায়ক মৌমিতা নূর ও সদস্য সচিব তাহমিদ আনোয়ার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে আহ্বায়ক মৌমিতা নূর বলেন, “ঐক্যই আমাদের প্রধান শক্তি। শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি কার্যকর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের ক্যাম্পাসমুখী করতে হলে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা জরুরি।”
তিনি আরও বলেন, বর্তমানে নারায়ণগঞ্জ কলেজে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার নজির দেখা যাচ্ছে। এসব সমস্যা সমাধান ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র ফেডারেশন ছাত্রসমাজের ঐক্যের আহ্বান জানাচ্ছে।
সদস্য সচিব তাহমিদ আনোয়ার বলেন, “আমরা নারায়ণগঞ্জ কলেজকে একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। ছাত্রসমাজের মধ্যে পারস্পরিক ঐক্য ও সহমর্মিতা বজায় থাকলে আমাদের স্বপ্নের ক্যাম্পাস নির্মাণ সম্ভব।”
তিনি জানান, এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখা বিভিন্ন ছাত্র সংগঠনের কলেজ শাখার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবে।
তাহমিদ আনোয়ার আরও বলেন, “পারস্পরিক ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কলেজের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব।”
বিবৃতিতে নেতৃবৃন্দ গণতান্ত্রিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে সকল প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য (প্রচার) আব্দুল আহাদ।

