নারায়ণগঞ্জ, ১৬ মে ২০২৬: টেকসই নগর উন্নয়ন ও নাগরিক কল্যাণের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আজ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড্যান্ডি ফাউন্ডেশন এর উদ্যোগে এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় আয়োজিত এ সেমিনারের শিরোনাম ছিল “টেকসই নগর উন্নয়ন ও নাগরিক কল্যাণ”।
সেমিনারটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ বুলেটিনের সম্পাদক মো. মাজহারুল ইসলাম মুন্না।
মূল বক্তা অধ্যাপক আলিয়ার হোসেন পারিবারিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তাঁর অনুপস্থিতিতেও সেমিনারের আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে সম্পন্ন হয়।
সঞ্চালক মো. মাজহারুল ইসলাম মুন্না বলেন, অধ্যাপক আলিয়ার হোসেনের উপস্থিতিতে নগর পরিকল্পনার বাস্তব চিত্র আরও গভীরভাবে উঠে আসত। পারিবারিক জরুরি পরিস্থিতির কারণে তিনি উপস্থিত না থাকতে পারলেও তাঁর ভাবনা ও দিকনির্দেশনা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, বেসরকারি খাতে জবাবদিহিতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। টেকসই নগর গঠন শুধু সরকারি উদ্যোগে সম্ভব নয়, এতে নাগরিক ও বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
ড্যান্ডি ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো হয়, অধ্যাপক আলিয়ার হোসেনের লিখিত বক্তব্য পরবর্তীতে প্রকাশ করা হবে। এতে নগরের বাস্তব পরিস্থিতি, নাগরিক সেবার ঘাটতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ থাকবে।
সেমিনারে ব্যবসায়ী, সাংবাদিক, প্রকৌশলী, শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় তারা শহরের জনঘনত্ব, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা টেকসই ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকেরা জানান, সেমিনারে গৃহীত সুপারিশসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।

