নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধের জেরে মাকসুদুর রহমান জুয়েল (৪৩) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ মে) দুপুর পৌনে ১টার দিকে বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর পাড়ে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জুয়েল শান্তিনগর এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। হামলার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মদনগঞ্জ ফাঁড়ি ও বন্দর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের বড় ভাই সোহেল অভিযোগ করে বলেন, টিটু, আল আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে তার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়াও মদনগঞ্জ শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। তার ভাই জুয়েল স্থানীয় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় একটি চক্রের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
তার অভিযোগ, পরিকল্পিতভাবে জুয়েলকে বাড়ি থেকে ডেকে নিয়ে জনৈক শফিউল্লাহর জমিতে কুপিয়ে হত্যা করা হয়েছে।
তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

