ফতুল্লায় ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে কর্মচারীকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে এক কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট ব্যবসায়ীসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইন্টারনেট ব্যবসায়ী মো. শাহজাহান।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাহান ফতুল্লা থানার খিজিরপুর কুতুবআইল এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা ব্যবসার সঙ্গে জড়িত। গত বুধবার (১ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে ফতুল্লার রামবাবুর পুকুরপাড় এলাকায় নতুন ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য তার কর্মচারী মো. সাব্বিরকে পাঠানো হয়। সে সময় সাব্বির বৈদ্যুতিক খুঁটিতে মই লাগিয়ে সংযোগ স্থাপনের কাজ করছিলেন।
শাহজাহানের অভিযোগ, এ সময় ড্যান্ডিলিংক নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিক খালিদ ও আরিফ হোসেনসহ আরও ৭ থেকে ৮ জন সেখানে উপস্থিত হয়ে কাজ বন্ধ করতে বলেন। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আরিফ হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে সাব্বিরকে এলোপাতাড়ি আঘাত করেন। আত্মরক্ষার জন্য সাব্বির হাত দিয়ে মাথা রক্ষা করার চেষ্টা করলে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে এবং হাতের হাড় ভেঙে যায় বলে দাবি করা হয়েছে।
এ সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, “তোদের কোম্পানির কোনো লাইন আমাদের মহল্লায় সংযোগ দিতে পারবি না। এলাকায় যতগুলো লাইন আছে, সব কেটে দেওয়া হবে।”
পরে সহকর্মীরা আহত সাব্বিরকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।
ঘটনার পর মো. শাহজাহান ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত খালিদ ও আরিফ হোসেন। তারা বলেন, সাব্বিরের সঙ্গে তাদের কোনো মারামারির ঘটনা ঘটেনি। ইন্টারনেট সংযোগ দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হলেও কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।
এদিকে শাহজাহান দাবি করেন, তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত একজন ইন্টারনেট সেবাদাতা। তার প্রতিষ্ঠানের নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় প্রধান কার্যালয় রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ, বিসিক শিল্পনগরী ও নারায়ণগঞ্জ শহরে জোনাল অফিসের মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা প্রদান করে আসছেন বলে তিনি জানান।

