চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে খেলাফত মজলিস। এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
১৪ জুলাই (মঙ্গলবার) রাতে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন এবিএম সিরাজুল মামুন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় ত্রাণ টিমে রয়েছেন দলের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতী শিহাবুদ্দীন, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, অংকুরের নির্বাহী পরিচালক শাহ শিহাবুদ্দীন এবং ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি সাকিব মাহমুদ রুমীসহ খেলাফত মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (১৫ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় সরাসরি উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে দলের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও উপহার তুলে দেন এবিএম সিরাজুল মামুন।
এ সময় তিনি বলেন, বন্যার শুরু থেকেই খেলাফত মজলিসের বিভিন্ন টিম ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। সংগঠনের দায়িত্বশীলরাও সরাসরি মাঠে থেকে মানুষের দুঃখ দুর্দশায় পাশে থাকার চেষ্টা করছেন।
তিনি সরকারকে বন্যাকবলিত এলাকায় জরুরি ও বিশেষ ত্রাণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

