২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার (১ আগস্ট) নারায়ণগঞ্জের ফতুল্লা থানা রোড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতুল্লা থানার উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশ ও গণমিছিলে এ দাবি জানানো হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সংগঠনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস।
বক্তব্যে অধ্যাপক গিয়াস বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার অভূতপূর্ব আত্মত্যাগের মাধ্যমে দেশে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, তার আলোকে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একটি ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজও সেই সনদ বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি।”
তিনি আরও বলেন, “জাতির প্রত্যাশা পূরণ এবং জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নের স্বার্থে অবিলম্বে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি মো. আবু সাঈদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, জেলা শুরা সদস্য মাওলানা নাসির উদ্দীন, জেলা শুরা সদস্য মাওলানা নুরুল হক, জেলা শুরা সদস্য গাজী আবুল কাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো. রিদোয়ানুল আজিম, বক্তাবলী ইউনিয়ন আমির মাওলানা আবু বকর ছিদ্দিক এবং আলীরটেক ইউনিয়ন সভাপতি মো. মুরাদ হোসেন।
সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি ফতুল্লা থানা রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

