ঐতিহাসিক ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে শহীদ জুলফিকার আহমেদ শাকিলসহ সকল শহীদের স্মরণে নারায়ণগঞ্জে ‘জুলাই শিখা’ প্রজ্বালন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ সময় বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে রাজনৈতিক সহিংসতা, গুন্ডাতন্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের ক্ষমতা দখলের আন্দোলন ছিল না। এটি ছিল কর্তৃত্ববাদ, দলীয়করণ এবং রাষ্ট্রকে দলীয় সম্পত্তিতে পরিণত করার রাজনীতির বিরুদ্ধে জনগণের ঐতিহাসিক অবস্থান। তারা অভিযোগ করেন, অভ্যুত্থানের দুই বছর পরও বিভিন্ন মহলে রাজনৈতিক সহিংসতা ও শিষ্টাচারবহির্ভূত আচরণ পরিলক্ষিত হচ্ছে। একই সঙ্গে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেন, শেখ হাসিনার দেশত্যাগ এবং নারায়ণগঞ্জে ওসমান পরিবারের দখল ও সন্ত্রাস থেকে মুক্তির দুই বছর পার হলেও বিভিন্ন খাতে নতুন করে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য বেড়েছে। তিনি বাস পরিবহন, গার্মেন্টস, তিতাস গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
তিনি আরও অভিযোগ করেন, অসাধু বিদ্যুৎ কর্মকর্তারা বাসাবাড়িতে অতিরিক্ত বিল পাঠাচ্ছেন এবং প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সৃজয় সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সেনর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম, জেলা নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসসহ অন্যান্য নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক শাহীন মৃধা, সদস্য সচিব তাওহিদ আহমেদ তাজবীর, নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নূর, সদস্য সচিব তাহমিদ আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য সচিব মুন্নী আক্তার প্রত্যাশা, জেলা প্রচার সম্পাদক (ভারপ্রাপ্ত) রাইসা ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

