নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদারবাড়িতে গানের শুটিংয়ের কারণে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখা।
শনিবার (২৯ আগস্ট) এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানার সভাপতি শাহ্ আব্দুল আজিজ বলেন, সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানতে পেরেছেন, আগস্টের মাঝামাঝি সময়ে ‘কোক স্টুডিও’ নামের একটি প্রতিষ্ঠানের গানের শুটিং ঐতিহাসিক বড় সরদারবাড়িতে অনুষ্ঠিত হয়। ওই শুটিংয়ের কারণে ঐতিহাসিক স্থাপনাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, “বড় সরদারবাড়ি আমাদের বাঙালি ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মুঘল আমলে প্রতিষ্ঠিত এই স্থাপনাটি সে সময়ের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা শুটিং কিংবা কোনো আয়োজনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া অত্যন্ত দুঃখজনক।”
শাহ্ আব্দুল আজিজ আরও বলেন, ঐতিহাসিক বড় সরদারবাড়ির সার্বিক তদারকি, প্রশাসন ও পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিভিন্ন সময়ে তারা স্থাপনাটি বিভিন্ন ইভেন্টের জন্য ভাড়া দিয়ে থাকে।
তবে কোনো আয়োজনের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ঐতিহাসিক স্থাপনার সুরক্ষা ও সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “সম্প্রতি একটি গানের শুটিংয়ের কারণে বড় সরদারবাড়ির অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার করতে হবে। একই সঙ্গে যারা এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
এ ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সোনারগাঁও থানা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

