নারায়ণগঞ্জের আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শামসুল হক বলেন, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে যারা দীর্ঘদিন ধরে মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, তাদের অবদান বিশেষভাবে স্মরণীয়। ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের ৪৯ জন সদস্য বিদায় নিয়েছেন উল্লেখ করে তিনি তাদের জন্য দোয়া করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তিনি বলেন, মাত্র দুইজন মহিলা শিক্ষার্থী নিয়ে এই মাদরাসার যাত্রা শুরু হয়েছিল। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানুষের জীবন পরিচালনার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
তিনি বলেন, “আল্লাহ তায়ালা রাজি থাকলে এই প্রতিষ্ঠান একদিন কামিল পর্যন্ত উন্নীত হবে। এটাই আমাদের চিন্তা ও প্রত্যাশা।”
মাওলানা মইনুদ্দিন আহমাদ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের চরিত্র ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একসময় প্রচলিত ধারণা ছিল দরিদ্র পরিবারের সন্তানরাই মাদরাসায় পড়াশোনা করে। বর্তমানে সেই ধারণার ব্যাপক পরিবর্তন হয়েছে। মাদরাসায় পড়াশোনা করার ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতায় ভোগার কারণ নেই। আগামী দুই বছরের মধ্যে এই প্রতিষ্ঠানে ফাজিল শিক্ষা কার্যক্রম শুরু করার আশ্বাসও দেন তিনি।
এ সময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা এবং তাঁর আদেশ ও নিষেধ মেনে চলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি মো. বদিউজ্জামান বাদল, এইচ এম নাসির উদ্দিন, মোহাম্মদ আবু হানিফ ও ব্যবসায়ী মর্তুজা খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার চেয়ারম্যান ডা. মো. আলী আশরাফ খান।
তিনি বলেন, যারা নিজেদের মেধা, শ্রম ও ভালোবাসা দিয়ে এই প্রতিষ্ঠানকে আলোকিত করেছেন, তাদের প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও অভিনন্দন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. মো. আলী আশরাফ খান আরও বলেন, “এটি একটি ফুলের বাগান। এই বাগান থেকে সবাই সওয়াব পাবেন।” প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আদর্শ মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদা আক্তার। তিনি স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা সাবিকুন্নেসা কলি ও মুতারিমা সাবাহ বিনতে সাঈদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউসা ইসলাম।
অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন মাদরাসার শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি আদর্শ মহিলা আলিম মাদরাসার ছাত্রীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে এক শতাধিক পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় অভিভাবক প্রতিনিধি মুফতি রহমতুল্লাহ ও অভিভাবক আবু নোমান বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু সুফিয়ান, বিশিষ্ট ক্রীড়াবিদ জাহাঙ্গীর কবির পোকনসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

