মসজিদে পরিত্যক্ত অবস্থায় পাওয়া অস্ত্র নিজ হাতে থানায় নিয়ে ওসির কাছে হস্তান্তর, পিস্তলটি আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের অস্ত্র বলে দাবি পুলিশের
নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার মসজিদের দ্বিতীয় তলা থেকে একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) কোরআন রাখার তাকের ওপর পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র দেখতে পান মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন।
পরে কোনো ঝুঁকি না নিয়ে বিষয়টি পুলিশকে জানানোর পাশাপাশি অস্ত্র ও গুলিগুলো আড়াইহাজার থানায় নিয়ে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন তিনি।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে পিস্তলটি থানা থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

