নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রাত নামলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে স্থানীয়দের মধ্যে। ‘সিফাত’ ও ‘নিঝুম’ নামে দুই ছিনতাইকারীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে ফরাজীকান্দা টমটম ব্রিজ এলাকা থেকে শুরু করে আশপাশের পাড়া মহল্লার সড়কগুলোতে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা।
সর্বশেষ, গত ১৩ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে ছিনতাইয়ের শিকার হন হোসিয়ারি ব্যবসায়ী মো. আব্দুর রহমান (৩২)। তিনি মাধবপাশা এলাকার বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ফরাজীকান্দা-মাধবপাশা সড়কের টমটম ব্রিজ এলাকায় পৌঁছালে সিফাত ও নিঝুম তার পথরোধ করে।
এসময় তারা ধারালো অস্ত্র গলায় ঠেকিয়ে ভয় দেখিয়ে রহমানের ব্যবহৃত “ভেনেলা” ব্র্যান্ডের একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৬৫৬৩) ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পাশাপাশি তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা নগদও লুট করে নেয়।
ভুক্তভোগীর ভাষ্য, ছিনতাইকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাতে পুলিশের টহল কার্যত না থাকায় ছিনতাইকারীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
তবে বন্দর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত কার্যক্রম চলছে।

