নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের শাসনগাঁও এলাকায় বিসিক ২নং গেট থেকে এনায়েতনগর মোড় পর্যন্ত এবং পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ কাজ চলমান থাকায় পুরো সড়কজুড়ে চরম বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট সড়ক নির্মাণ কাজটি নির্বাচনের আগেই সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, যা স্থানীয় জনদুর্ভোগকে আরও দীর্ঘায়িত করেছে।
এই বিষয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ যুব ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার কার্যকরি সদস্য রাতুল দেওয়ান।
তিনি বলেন, নির্মাণ কাজের কারণে সড়কটি বর্তমানে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। এর ফলে প্রতিদিন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক, শত শত শিক্ষার্থী এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তিনি আরও জানান, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। অটোরিকশা ও মিশুক উল্টে গিয়ে মানুষ আহত হওয়ার ঘটনাও বাড়ছে। পাশাপাশি নির্মাণ সামগ্রী সড়কের একাংশে এলোমেলোভাবে ফেলে রাখায় চলাচলের পথ সংকুচিত হয়ে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করেছে।
তিনি এই পরিস্থিতিকে চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান—অবিলম্বে সড়ক সংস্কার, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং নির্মাণ কাজের সুশৃঙ্খল ব্যবস্থাপনা গ্রহণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘব করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হওয়া হবে।

